পানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব নেতারা আবারও এক টেবিলে বসছেন। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডনেক) অনুষ্ঠিত হবে ‘২০২৬ জাতিসংঘ পানি সম্মেলন’। যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত ও সেনেগাল।
সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬ (এসডিজি-৬) বাস্তবায়ন ত্বরান্বিত করতে বিনিয়োগ, উদ্ভাবন ও রাজনৈতিক সদিচ্ছা জোগাড় করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ২০৩০ এজেন্ডার শেষ চার বছরে প্রবেশ করা বিশ্বের জন্য এসডিজি-৬কে নিজস্ব লক্ষ্য হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যান্য লক্ষ্য অর্জনেরও চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
ছয়টি সংলাপ
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী মূল অধিবেশনের পাশাপাশি ছয়টি পারস্পরিক সংলাপ অনুষ্ঠিত হবে:
- সহযোগিতার জন্য পানি ও সমৃদ্ধির জন্য পানি (৮ ডিসেম্বর)
- পানিতে বিনিয়োগ ও মানুষের জন্য পানি (৯ ডিসেম্বর)
- পৃথিবীর জন্য পানি ও বহুপাক্ষিক প্রক্রিয়ায় পানি (১০ ডিসেম্বর)
সমাপনী অধিবেশনে এসব সংলাপের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে এবং তা সম্মেলনের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘পানি মানবজাতির সাধারণ বন্ধন, পৃথিবীর সব জীবনের কেন্দ্রবিন্দু।’
বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ
সম্মেলনটি এমন এক সময়ে হচ্ছে, যখন ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই মিটার নেমে যাচ্ছে এবং উপকূলে লবণাক্ততা বাড়ছে। অভিন্ন নদীর ন্যায্য হিস্যা ও পানি খাতে অনুদানভিত্তিক আন্তর্জাতিক অর্থায়নের দাবি তুলে ধরার জন্য এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি
নদীমাতৃক বাংলাদেশ আজ একদিকে বন্যা, অন্যদিকে খরা ও লবণাক্ততার দ্বিমুখী সংকটে। গ্রিন পেইজ মনে করে, আবুধাবি সম্মেলনে বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা, ভূগর্ভস্থ পানির সুরক্ষা এবং উপকূলে নিরাপদ পানীয় জলের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে যেতে হবে।
