অগ্রহায়ণের মাঝামাঝি এসে দেশজুড়ে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
শুষ্ক আবহাওয়ায় বাড়ছে দূষণ
শীতের শুষ্কতার সঙ্গে সঙ্গে রাজধানীর বায়ুমানও আবার খারাপ হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে বায়ুমান সূচক (একিউআই) ১৬৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে ছিল, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়। তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর (৩৭৪), এরপর আফগানিস্তানের কাবুল (৩০৪), ভারতের দিল্লি (২৯২) ও কলকাতা (১৮০)।
একিউআই ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকলে হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
শীতে যা করবেন
- সকাল ও সন্ধ্যায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে।
- উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করুন।
- খড়কুটা বা বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকুন; এতে দূষণ আরও বাড়ে।
গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি
শীত মানেই উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট আর শহরের বাতাসে বিষ। গ্রিন পেইজ মনে করে, শৈত্যপ্রবাহ শুরুর আগেই সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং শহরে ধুলা ও ধোঁয়া নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান শুরু করা জরুরি।
