শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। ধুলা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও বর্জ্য পোড়ানোর কারণে নগরবাসী শ্বাসকষ্ট, অ্যালার্জি ও দীর্ঘস্থায়ী সর্দি-কাশিতে ভুগছেন।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা প্রথম স্থানে ছিল, তখন বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের। ১৮ নভেম্বর ২১৬ ও ১৯ নভেম্বর ২৩১ সূচক নিয়ে ঢাকা দ্বিতীয় স্থানে ছিল। ২১ নভেম্বর সকালে সূচক ছিল ১৪৪ এবং ২২ নভেম্বর ১১৭।
অভিজাত এলাকাতেও দূষণ
দূষণ এখন আর শুধু ঘনবসতিপূর্ণ বা শিল্প এলাকায় সীমাবদ্ধ নেই। ২৩ নভেম্বর বিকেলে বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে প্রগতি সরণি (বাড্ডা) ১৩৮, বারিধারা লেকসাইড ও বেচারাম দেউড়ি ১৩৭, বসুন্ধরা আবাসিক এলাকা ১৩৫, বারিধারা পার্ক রোড ১৩৪ এবং গুলশান লেক পার্কে ১৩২ সূচক রেকর্ড করা হয়।
বিশেষজ্ঞরা যা বলছেন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, শুষ্ক আবহাওয়া ও ধুলার কারণে শীতে দূষণ বাড়ে এবং ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তা উচ্চমাত্রায় থাকে। নির্মাণকাজ ও রাস্তা খোঁড়াখুঁড়ি ধুলার বড় উৎস। তিনি রাস্তায় নিয়মিত পানি ছিটানো এবং সম্ভব হলে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থার কথা ভাবার পরামর্শ দেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ, অ্যালার্জি ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ায় এবং নারীদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। তিনি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি
প্রতিবছর শীত এলেই ঢাকার বাতাস বিষাক্ত হয়ে ওঠে, অথচ এর উৎসগুলো সবার জানা। গ্রিন পেইজ মনে করে, নির্মাণসামগ্রী ঢেকে রাখা ও রাস্তায় পানি ছিটানো বাধ্যতামূলক করা, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বর্জ্য পোড়ানো বন্ধে নিয়মিত অভিযান ছাড়া এই মৌসুমি দুর্যোগ থেকে মুক্তি মিলবে না।
