টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের কারণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। লাখো মানুষের পানিবন্দী হওয়া এবং বিপর্যস্ত জনজীবনের এই সংকটময় মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের প্রাণ বাঁচাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বিস্তারিত জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (আজ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি এই পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি ও সার্বক্ষণিক নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
দলমতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার তৎপরতা চালাতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি প্রধান পদক্ষেপ:
১. সার্বক্ষণিক মনিটরিং ও সমন্বয়: প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিকভাবে দুর্যোগকবলিত এলাকার খবরাখবর রাখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
২. সহস্রাধিক আশ্রয়কেন্দ্র চালু: দুর্যোগকবলিত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও চালু করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
৩. জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা: জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচটি জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা দ্রুততম সময়ে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
৪. স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা নিশ্চিতকরণ: পানিবন্দী এলাকায় মহামারী ঠেকাতে নিরাপদ খাওয়ার পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুখাদ্যসহ তিন বেলা নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে।
৫. উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন: পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে এবং পাহাড়ি এলাকার দুর্গমতা মাথায় রেখে, উদ্ধার কার্যক্রমকে আরও বেগবান করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
৬. জনপ্রতিনিধিদের মাঠে থাকার নির্দেশ: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তার বার্তা এবং নির্ভরতা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে সশরীরে উপস্থিত থাকার এবং সাধারণ মানুষের সাথে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
৭. সমন্বিত মানবিক উদ্যোগ: দুর্গতদের সাহায্যে সরকারের প্রশাসন, কোস্টগার্ড, সেনাবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলো একযোগে কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে।
৮. চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত: ভারী বর্ষণ, বন্যা এবং পাহাড়ধসের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্যোগকবলিত এলাকার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
৯. হতাহতদের পরিবারের পাশে প্রশাসন: এই প্রাকৃতিক দুর্যোগে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন।
১০. স্থায়ী অবকাঠামো ও পুনর্বাসন পরিকল্পনা: টানা ভারী বর্ষণে তলিয়ে যাওয়া চট্টগ্রাম–দোহাজারী রেলপথের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ৪৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এর দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া, পাহাড় ধসের চরম ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নিরাপদ স্থানে স্থায়ী আবাসনের ব্যবস্থা করবে সরকার।
এই সমন্বিত ও দ্রুত উদ্যোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তাঁর পোস্টে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক প্রয়াস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা খুব দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব, ইনশা আল্লাহ। প্রধানমন্ত্রী এই সংকটে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন এবং জনগণের সরকার সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।”
