ভারত-শাসিত কাশ্মীরের হিমালয় অঞ্চলের পবিত্র ও উঁচু পার্বত্য হ্রদ শেষনাগের কাছে ভারী এক্সকাভেটর দিয়ে রাস্তা কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবেশবাদী, রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সতর্ক করেছেন, এলাকায় নতুন সড়ক ও সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা ভঙ্গুর হিমালয়ের বাস্তুতন্ত্রে বিপর্যয় ডেকে আনতে পারে।
শেষনাগ হ্রদ পহেলগামের প্রায় ৩ হাজার ৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত। এটি শ্রীনগর থেকে প্রায় ১২০ কিলোমিটার এবং পহেলগাম থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। অমরনাথ গুহা হ্রদটির প্রায় ২০ কিলোমিটার উত্তরে। এতদিন যানবাহন শুধু চন্দনওয়াড়ি পর্যন্ত যেতে পারত।
কর্তৃপক্ষের বক্তব্য
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) ২৩ নভেম্বর এক বিবৃতিতে জানায়, এটি অমরনাথ যাত্রা-পরবর্তী সড়ক প্রশস্তকরণের কাজ। কাজটি বিদ্যমান পথের মধ্যেই সীমাবদ্ধ, ঝুঁকিপূর্ণ অংশ স্থিতিশীল করা ও যানজট কমানোই উদ্দেশ্য। সংস্থাটির দাবি, নিরাপত্তা ও পরিবেশগত নিয়ম মেনে কাজ হচ্ছে; খননকৃত মাটি নিরাপদে সরানো হবে এবং প্রাকৃতিক পানিপ্রবাহ রক্ষা করা হবে।
উদ্বেগ কেন
কাশ্মীরভিত্তিক পরিবেশকর্মী ড. রাজা মুজাফফর ভাট পরিস্থিতিকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, কীভাবে ভারী যন্ত্রপাতি কাশ্মীরের হিমবাহ এলাকা পর্যন্ত পৌঁছাল। পিডিপির মুখপাত্র মোহিত ভানসহ আরও অনেকে এই পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় ভারী যন্ত্র ব্যবহারের সমালোচনা করেছেন।
ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএইচআইডিসিএল) একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদনে চন্দনওয়াড়ি থেকে সঙ্গম টপ পর্যন্ত ২২.৩ কিলোমিটার সড়ক এবং এর মধ্যে ১০.৮ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার নকশা ২০২২ সালের ১৫ নভেম্বর অনুমোদিত হয়।
গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি
হিমালয়ের উঁচু পার্বত্য হ্রদ ও হিমবাহ দক্ষিণ এশিয়ার নদীগুলোর উৎস। বাংলাদেশসহ পুরো অঞ্চলের পানি নিরাপত্তা এই বাস্তুতন্ত্রের সুস্থতার ওপর নির্ভরশীল। গ্রিন পেইজ মনে করে, তীর্থযাত্রা বা পর্যটনের সুবিধার নামে সংবেদনশীল পার্বত্য এলাকায় বড় অবকাঠামো নির্মাণের আগে স্বাধীন ও স্বচ্ছ পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক হওয়া উচিত।
