ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগেই নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানিপ্রাপ্তির ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা-ধারা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নতুন চুক্তিতে নিশ্চয়তা-ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত শুরুর অনুরোধ করে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীকে চিঠি দিয়েছেন। ১৭ নভেম্বর তিনি এ বিষয়ে আরেকটি তাগিদপত্র পাঠান। বাংলাদেশ জুনে আলোচনার প্রস্তাব দিয়েছিল; আগস্টে ভারত একটি কারিগরি কমিটি গঠনের কথা বলে। তবে ভারত এখনো আলোচনার কোনো সময়সূচি দেয়নি।
১৯৯৬ সালের চুক্তিতে যা আছে
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শুধু দুই দেশের পারস্পরিক সম্মতিতেই এটি নবায়ন করা যাবে; স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার কোনো ব্যবস্থা নেই। প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়।
- প্রতি ১০ দিনে প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে পানি সমানভাবে ভাগ হয়।
- প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজার কিউসেক হলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক।
- প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক, বাকিটা বাংলাদেশ।
অথচ ১৯৭৭ সালের চুক্তিতে প্রবাহ কমে গেলেও বাংলাদেশ তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পাওয়ার নিশ্চয়তা পেত। সেই নিশ্চয়তাই এখন নতুন চুক্তিতে ফেরাতে চায় বাংলাদেশ।
বিশেষজ্ঞদের মত
যৌথ নদী কমিশনের সদস্য ড. মো. আনোয়ার কাদির তথ্য বিনিময়, নদীপ্রবাহ পর্যবেক্ষণ ও যৌথ পর্যালোচনার ওপর জোর দিয়েছেন। বুয়েটের অধ্যাপক ড. আতাউর রহমান সতর্ক করে বলেন, ন্যূনতম প্রবাহের প্রতিশ্রুতি ছাড়া শুধু বণ্টন সূত্র যথেষ্ট নয়। উল্লেখ্য, ২২ নভেম্বর ঢাকায় যৌথ নদী কমিশনের ৯১তম সভা হলেও সেখানে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়নি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও কেবল গঙ্গার পানি নিয়েই চুক্তি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রবাহ কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
গ্রিন পেইজের দৃষ্টিভঙ্গি
গঙ্গার পানি শুধু কূটনীতির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সুন্দরবনের লবণাক্ততা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও কোটি মানুষের জীবিকা। গ্রিন পেইজ মনে করে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ন্যূনতম প্রবাহের নিশ্চয়তাসহ একটি ন্যায্য ও দীর্ঘমেয়াদি চুক্তির জন্য সরকারকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, একই সঙ্গে অন্য অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়েও আলোচনা এগিয়ে নিতে হবে।
