নিজস্ব প্রতিবেদক | রাজশাহী
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন এবং বিনামূল্যে গাছের চারা বিতরণসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’-এর উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী। এবারের প্রতিপাদ্য বিষয়ের ওপর ভিত্তি করে জলবায়ু সংকট ও উত্তরণের উপায় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।
রুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম (পিপিএম-বার) এবং বিবিসিএফ-এর সভাপতি ড. নাসির উদ্দিন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
আলোচনা সভা শেষে রুয়েট ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় তিন শতাধিক গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

উল্লেখ্য, পরিবেশ সচেতনতামূলক এই বৃহৎ আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
